জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম কোনো সহজ পথ নয়। এ সংগ্রামে ঈমান, আমল, ত্যাগ ও কোরবানির মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সমাজে দ্বীনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে মুমিনকে তার জান–মাল, সময় ও মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। একজন অগ্রসর কর্মীর প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, কোরআন–সুন্নাহর জ্ঞান অর্জন, নিয়মিত আমল ও আত্মশুদ্ধি। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের সর্বস্তরে ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিকূলতা ও নানা পরীক্ষার মধ্যেও দ্বীনের পথে অবিচল থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে।
গতকাল শনিবার জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনসুরুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন–চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির মাওলানা সৈয়দ আব্দুল মোমিন, বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস ছালাম আজাদ, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










