ইনফান্তিনোর চেয়ার টালমাটাল

সমর্থন তুলে নিল ইংল্যান্ড-ওয়েলস

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। তার পুননির্বাচনের প্রতি নিজেদের সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ফিফার টুর্নামেন্টগুলোর (বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের) বাণিজ্যিক স্বত্ব বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা বাতিল করার পর ইংল্যান্ড ফুটবল সংস্থা এই কঠোর পদক্ষেপ নিল। এর আগে প্রথম জাতীয় ফুটবল সংস্থা হিসেবে ওয়েলস ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নেয়। ওয়েলসের দেখানো পথেই হাঁটল ইংল্যান্ড। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপের অন্যান্য ফুটবল সংস্থাও একই পথে হাঁটবে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ফিফার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই বাণিজ্যিক বিতর্কের ফলে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতা ইনফান্তিনোর পদে টিকে থাকার পথকে অনেকটাই কঠিন করে তুলেছে। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’এর প্রতিবেদন অনুযায়ী, ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে ইংল্যান্ড ফুটবল সংস্থা পূর্বে যে চিঠি পাঠিয়েছিল, তা তারা ফিরিয়ে নেবে। ইউরোপীয় ফুটবল মহলে ফিফা প্রধানের প্রতি যে আস্থার তীব্র সংকট তৈরি হয়েছে, এই পদক্ষেপ তারই স্পষ্ট ইঙ্গিত দেয়। ২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউরোপীয় ফুটবল সংস্থাগুলো ইনফান্তিনোর ক্ষমতার অন্যতম মূল ভিত্তি হিসেবে কাজ করে আসছিল। তবে ওয়েলস ও ইংল্যান্ডের এই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা এক ধরনের ‘ডোমিনো ইফেক্ট’ হিসেবে দেখছেন।

ইউরোপজুড়ে এখন ইনফান্তিনোকে পদচ্যুত করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সব মিলিয়ে, ফুটবল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সংস্থার প্রধান হিসেবে ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন এক অভূতপূর্ব অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্ব ফুটবলকে অর্থনৈতিকভাবে নতুন রূপ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক পরিকল্পনা শেষ পর্যন্ত তার ক্যারিয়ারেই সবচেয়ে বড় সংকটে রূপ নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে খুশি তাইজুলরা
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল ১৪ আগস্ট শুরু