ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় সম্পাদিত হয়েছে, যার মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

সমপ্রতি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ইউসিবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মোহাম্মদ রীদওয়ানুল হক, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তদের ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা দেওয়া হবে। উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কৃষিভিত্তিক শিল্পসংশ্লিষ্ট সিএমএসএমই গ্রাহকদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সাথে চুক্তি করেছে ইউসিবি। চুক্তির আওতায় ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন সিএমএসএমই গ্রাহকরা। এসব চুক্তি দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং কৃষিভিত্তিক শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি আর্থিক অন্তর্ভুক্তি জোরদারেও সহায়ক হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাউজানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার