ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর জুলাই ২০২৬ সেশনের ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস, ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রিপ্রিনিউরিয়াল সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিস এ ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. আকতার হোসেন, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন এডভাইজার এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্য ড. মো. মাহমুদুল হক, সিন্ডিকেট সদ্যস্য ও ট্রেজারার প্রফেসর ড. হাসান কাওসার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, প্রফেসর ড. রমা বড়ুয়া, প্রফেসর ড. বদিউল আলম এবং গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের জেনারেল ম্যানেজার (পূর্ব) প্রকৌশলী মো. সবুক্তগীন। উপস্থিত ছিলেন ডিজিএফআই এর সহকারী পরিচালক মোস্তাক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া। সমাপনী বক্তব্য প্রদান করেন ড. অনিন্দ্য কুমার নাথ। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ইউএসটিসি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম–শৃঙ্খলা মেনে চলা, একাডেমিক উৎকর্ষ অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বর্তমান বিশ্বে সফল হতে হলে শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং গবেষণামনস্কতা, উদ্ভাবনী চিন্তা, তথ্যপ্রযুক্তি দক্ষতা, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা অর্জন করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











