পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাতে ভারতের সায় মিলেছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান বলেছেন, মঙ্গলবার দুপুরে এক ইমেইলে তাকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার করার বিষয়ে ‘অ্যাগ্রিমোঁ’ বা আনুষ্ঠনিক সম্মতিপত্র দেওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গত সপ্তাহে এক প্রতিবেদনে লিখেছিল, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিতে দেরি করছে ভারত। এর মধ্যেই তার বিষয়ে ভারতের সম্মতি পাওয়া গেল। খবর বিডিনিউজের।
১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়া দিল্লিতে বর্তমান হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনিভায় পাঠাচ্ছে সরকার।
২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আসাদ আলম সিয়াম। এর আগে ২০২৩–২০২৪ সময়ে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১৭–২০২১ সময়ে ফিলিপিন্সে দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে জুনিয়র কূটনীতিক হিসেবে কাজ করেছেন সিয়াম।










