আশা পূরণ করতে পারেনি ব্রাজিল

মরক্কোর সাথে ড্র ঘাবড়ে গিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা, মেনে নিলেন কোচ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের আশা পূরণ করতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট হয়েছে তাদের। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর কাছে আটকে গেছে তারা। ১১ ব্যবধানে শেষ হয়েছে ম্যাচটি। প্রথমেই এগিয়ে গিয়েছিল মরক্কো। ইসমাইল সাইবারি খেলার ২১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন তার দলকে। ৩২ মিনিটে সে গোল শোধ করেন ব্রাজিলের ভিনিসিয়াস। প্রথম ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের খেলা হতাশ করলেও দ্বিতীয়ার্ধে পাল্টে যাওয়া ব্রাজিল আশা জাগিয়েছে। ম্যাচ শুরু হওয়ার পর প্রথম ১৫ মিনিট ব্রাজিল সেভাবে জ্বলে উঠতে পারেনি। মারকুইনহোস, কাসেমিরো, লুকাস পাকুয়েতা যেন প্রতিযোগিতায় নেমেছিলেনকে কতটা খারাপ খেলতে পারেন। কারও সঙ্গে কারও বোঝাপড়া নেই। ব্রাজিলের এই দুর্বলতা বুঝতে সময় লাগেনি মরক্কোর। তাই শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দেয় তারা। ডান দিক, বাঁ দিক, মাঝমাঠমাঠের প্রায় সব জায়গাতেই তখন লাল জার্সির দাপট। ব্রাজিলের ফুটবলারেরা দিশেহারা হয়ে পড়েছিলেন। বুঝতেই পারছিলেন না কীভাবে আটকানো যায় এই মরক্কোকে। ম্যাচের শুরু থেকে ড্রাম বাজানো ব্রাজিলীয় সমর্থকেরা তখন নিউ জার্সি স্টেডিয়ামে নিস্তব্ধ। ২১ মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারি গোল করার সময় ব্রাজিলের রক্ষণ থমকে গিয়েছিল। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে ঘাড়ের কাছে নিয়ে যে গোল সাইবারি করলেন, তা শিক্ষানবিশ ফুটবলারদের কাছে ‘ফিনিশিং’য়ের আদর্শ উদাহরণ যেন।

মরক্কোর বিরুদ্ধে খেলতে নেমে ঘাবড়ে গিয়েছিলেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল! মরক্কোর আছে আটকে যাওয়ার এমনই ব্যাখ্যা দিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। তিনি বলেন, আমরা একদমই ভাল শুরু করতে পারিনি। ফুটবলারেরা একটু ঘাবড়ে গিয়েছিল। আমরা বল দখলে রাখতে পারছিলাম না। বল দখলের লড়াইয়েও পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমরা খারাপ ফুটবলই খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় অনেক উন্নতি হয়েছে। ম্যাচটা কঠিন ছিল। মরক্কো বেশ ভাল দল। প্রথম দিকে আমাদের ফুটবলারেরা চাপে ছিল। সেই সুযোগ ভাল ভাবে কাজে লাগিয়েছে মরক্কো। বার বার আক্রমণ করেছে।

গোল হজম করার আগেই ব্রাজিলের খেলায় কিছুটা বদল এসেছিল। প্রথম ১৫ মিনিটে যে মিস পাসের ছড়াছড়ি, দিশাহীন ফুটবল তারা খেলছিল, তা থেকে সরে এসে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছিল খেলা। গোল খাওয়ার পরেও তারা খেলা পাল্টায়নি। তারই ফসল ভিনিসিয়াসের গোল। বাঁ দিকে প্রায় কর্নার ফ্ল্যাগের কাছে বল পেয়েছিলেন। কাট করে ভেতরে ঢুকতে ঢুকতে ডান পায়ে যে শটে গোল করলেন, তা অনেক দিন মনে থেকে যেতে বাধ্য। ব্রাজিলের দুই সেন্টার ব্যাক মারকুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েস কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন। দুজনেই ক্লাবের হয়ে ভাল ছন্দে ছিলেন। কিন্তু দেশের জার্সিতে বোঝাপড়া এখনও গড়ে ওঠেনি। ফলে সাইবারির গোলের সময় দুজনেই অনেকটা উপরে এসেছিলেন। একে অপরকে সতর্ক করেননি। দ্রুত নিচে নামতেও পারেননি। ম্যাচের মাঝেও বেশ কয়েক বার বোঝাপড়ার অভাব লক্ষ করা গিয়েছে।

ব্রাজিলের এই দলের গড় বয়স প্রায় ৩০এর কাছাকাছি। বিশ্বকাপে এত বেশি বয়সি দল নিয়ে সামপ্রতিক অতীতে খেলেনি তারা। দলের কাসেমিরো তেমনই একজন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মওসুম মোটামুটি কেটেছে। কিন্তু দেশের জার্সিতে এদিন পুরোপুরি বর্ণহীন কাসেমিরো। এতটাই খারাপ খেলেন যে বিরতির পরেই তুলে নিতে হল কার্লো আনচেলোত্তিকে। নামানো হয় ফ্যাবিনহোকে, যার বয়সও ৩২। ফলে মাঝমাঠে তরুণ খেলোয়াড়ের অভাব রয়েছে ব্রাজিল দলে। কাসেমিরো ছন্দে না থাকায় এবং পাকুয়েতা ভুল ভাল খেলতে থাকায় একাই তিন জনের দায়িত্ব নিতে হয়েছে ব্রুনো গিমারায়েসকে। খুব খারাপ খেলেননি তিনি। স্ট্রাইকার ইগর থিয়াগো প্রথমার্ধের শুরুতেই একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে লুইস হেনরিকের জায়গায় এনদ্রিককেও নামাতে পারতেন আনচেলোত্তি।

গত বারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠে শোরগোল ফেলে দিয়েছিল মরক্কো। আফ্রিকার শক্তিধর দেশ হিসাবে উঠে এসেছিল তারা। চার বছর পরের এই মরক্কো দল আগের চেয়েও ভাল। অনেকেরই গত বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে নতুন যারা এসেছেন তারাও মানিয়ে নিয়েছেন। কয়েক মাস আগে আফ্রিকার কাপ অফ নেশন্‌স জয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে মরক্কো বুঝিয়েছে, এ বারও তারাই আফ্রিকার সেরা দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের ঠিক নিচেই রয়েছে তারা। আশরাফ হাকিমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। সাইবারি, ব্রাহিম, আয়নাউই, বোউদ্দাদিরাও কারও থেকে কম যান না। ব্রাজিলকে এ দিন অনেকটা সময় তটস্থ করে রেখেছিল তারা। শেষের দিকেও মরণকামড় দেওয়ার একটা চেষ্টা করেছিল। গোল হয়নি সেটা দুর্ভাগ্যের।

পূর্ববর্তী নিবন্ধইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার, কিন্তু এক ট্রিলিয়ন ডলারের মানে কী?
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু