খাগড়াছড়িতে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার শালবন গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপর্ণা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালবন গেট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় অর্পনা ধরের ওড়না হঠাৎ গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। নিহত অর্পনা ধর অপু ধরের স্ত্রী। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআশা পূরণ করতে পারেনি ব্রাজিল
পরবর্তী নিবন্ধটেকনাফ সীমান্তে মাটি খুঁড়ে ১০ গ্রেনেড ও ২৮ গুলি উদ্ধার