আমি বাংলার, বাংলা আমার

মেহেরুন্নেছা চৌধুরী | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

নিসর্গের এই মুক্তমঞ্চে নিজেকে সঁপে বার বার,

হারিয়ে যে যাই আনমনে সেথায় ফিরতে যে পারি না আর।

অনুভবে আমি খোঁজে ফিরে পাই প্রকৃতির অপার সুধা,

আমি বাংলার বাংলা আমার হৃদয়ে পুষি তা সদা ।

ছায়া সুনিবিড় সবুজে ঘেরা বাংলার মেঠো পথে,

হেঁটে চলে এ মন কিচিমিচি ডাকা পাকপাখালীর সাথে।

খোলা প্রান্তর দেখে এ অন্তর হারায় মোহনীয় সুরে,

আমি বাংলার বাংলা আমার নিঃশ্বাস নিই বুক ভরে।

সবুজ ধান ক্ষেত, হলুদ সরষে, সাদা মূলার ফুলে,

ভরা কুয়াশার লাজুক বিন্দু মুক্তা হয়ে দোলে।

শীতের সকালে পড়ন্ত বিকেলে অনুভবে তা আসে,

আমি বাংলার বাংলা আমার আনন্দে এ মন হাসে।

কলকল চলা ঝর্না নদী জীবনের মানে বুঝে,

সৃষ্টি করেছে শিল্পী কবি চঞ্চল খোঁজে খোঁজে।

প্রতিটি শব্দ পেয়েছে তাঁরা বাংলার বুক চিরে,

আমি বাংলার বাংলা আমার শব্দ জড়তার ভিড়ে।

বাংলায় পড়ি বাংলায় লিখি হাজারো কবিতা গান,

বাংলায় হাসে বাংলায় ভাসে উদাসী এ মন ও প্রাণ।

রাজপথ রাঙিয়ে প্রাণের বিনিময়ে এনেছিল এ বর্ণমালা,

আমি বাংলার বাংলা আমার গর্বে হয় এ মন উতলা।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর নয়াবাজার এলাকার সড়ক দ্রুত সংস্কার করা হোক
পরবর্তী নিবন্ধচোরাবালি