আমবাগানে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

খোয়া যাওয়া পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৪:৪৫ পূর্বাহ্ণ

নগরীর আমবাগান এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নামপরিচয় জানা যায়নি। ঘটনা পরবর্তী সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) খায়রুল বাশার। ঘটনার সময় খোয়া যাওয়া পুলিশের নাইন এমএম পিস্তল ও একটি ওয়াকিটকিও উদ্ধার হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ওয়াকিটকি ঘটনা পরবর্তী সময়েই উদ্ধার হয়। আর পিস্তলটি উদ্ধার হয় রোববার দিনের বেলা।

গত শনিবার রাত ৮টার দিকে মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারে নগরীর আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ডবলমুরিং থানা পুলিশ। তখন তাকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু তার সহযোগীরা পুলিশের টিমের উপর হামলা চালায়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম ও মহসিন উদ্দিন রুবেল। এরমধ্যে মবিনুল ইসলামের শরীরের ১০ থেকে ১৫টি স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশের উপর হামলার ঘটনা ঘটলেও মাদক কারবারি আলমগীর পালাতে পারেনি। অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধলাইটারেজ জাহাজ সেক্টরে সংকট
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ!