জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ!

পানির নমুনা পাঠানো হলো পরীক্ষার জন্য, পাইপলাইনের কাছ থেকে বিষের কৌটা উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৪:৪৬ পূর্বাহ্ণ

সন্ত্রাসীদের অভয়ারণ্যখ্যাত জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি অন্তর্ঘাতমূলক বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ পানির পাইপলাইনের কাছ থেকে বিষের একটি খালি কৌটা উদ্ধার করেছে।

গতকাল রোববার জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ক্যাম্পে ব্যবহৃত পানিতে অস্বাভাবিক ফেনা ও তীব্র দুর্গন্ধ লক্ষ্য করেন দায়িত্বপ্রাপ্ত সদস্য। ওই সদস্য তাৎক্ষণিকভাবে সব সদস্যকে পানি ব্যবহার থেকে বিরত থাকতে বলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে এবং পানির সরবরাহ লাইনের একটি অংশ থেকে বিষের খালি কৌটা উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাটি অন্তর্ঘাতমূলক অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময়মতো বিষয়টি শনাক্ত হওয়ায় কেউ ওই পানি পান করেননি, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রশাসনের চলমান কার্যক্রম ব্যাহত করতে এবং এলাকাটি থেকে যৌথবাহিনীকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের নাশকতার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধআমবাগানে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন