পিলখানা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান, বিভিন্ন সময়ে দেশে গণহত্যা, গুম ও খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ভার বা সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের আবেদন জানিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংস্কার ফোরাম নামের দুটি সংগঠন। আজাদ পার্টির প্রধান সংগঠক বোরহান মাহমুদ এবং রাষ্ট্র সংস্কার ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দুটো দাখিল করেন। খবর বিডিনিউজের।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ১৪ মার্চ শপথ নিয়ে পর পর দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আবদুল হামিদ। তারপর আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ পুরো হওয়ার পৌনে দুই বছর বাকি থাকতেই গত শুক্রবার তিনি দায়িত্ব থেকে ইস্তফা দেন।
তাদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া কী হবে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আমাদের কাছে যখন কোনো অভিযোগ আসে, আমরা তা গ্রহণ করে রেজিস্ট্রারভুক্ত করি। তারপর তদন্তের জন্য তদন্ত সংস্থায় পাঠাই। তদন্ত সংস্থা যদি মনে করে এটি তদন্ত করার মতো, তখন তারা একটি অভিযোগ রেজিস্ট্রারভুক্ত করে তদন্ত শুরু করে।
এই অভিযোগগুলো তদন্ত সংস্থায় পাঠানো হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তামীম বলেন, অভিযোগ থাকলেই হয় না। যার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, শুধু তাকেই আমরা অভিযুক্ত বলতে পারি বা আসামি বলতে পারি।











