আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান–হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। চলতি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি ম্যাক্সওয়েল। তারুণ্য নির্ভর দল সাজিয়েছে নির্বাচকরা। ‘ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘বিষয়টি কিছুটা দুঃখজনক, আবার অনেকটা অনিবার্যও ছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’ মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেই অবসরের পরিকল্পনা করে রেখেছিলেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আমার মনে ক্ষীণ আশা ছিল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে হয়তো বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারি।’ তিনি আরও বলেন, ‘দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। ২০০৯ সালের দিকে আমি যখন প্রথম ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে পা রেখেছিলাম, তখন যদি কেউ আমাকে এমন একটি ক্যারিয়ারের প্রস্তাব দিতো, তাহলে আমি তা লুফে নিতাম।’ ২০১৭ সালের পর টেস্ট খেলেননি ৩৮ বছর বয়সী ম্যাক্সওয়েল। গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টি–টোয়েন্টি খেলার পথ খোলা রেখেছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি ম্যাক্সওয়েল। এমনকি জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও তাকে বিবেচনায় নেননি নির্বাচকরা। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৩০ ম্যাচ খেলে ১৫৪.৪২ স্ট্রাইক রেটে ৫ সেঞ্চুরি ও ১২ হাফ–সেঞ্চুরিতে ২,৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল। দুই সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন ম্যাক্সি। এছাড়া ৭ টেস্টে এক সেঞ্চুরিতে ৩৩৯ রান এবং ১৪৯ ওয়ানডেতে ৪ শতক ও ২৩ অর্ধশতকে ৩,৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টেনেছেন ম্যাক্সওয়েল। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর খানখানাবাদে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ