আনোয়ারায় গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহাবুদ্দিন (৩৫) নামে দুই সন্তানের এক জনকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা গ্রামের পণ্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন স্থানীয় মৃত শামসুল আলমের ছেলে। তিনি ইঞ্জিনচালিত নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পরিবার সূত্র জানায়, বুধবার রাতে খাবার শেষে স্বামী–স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী শাহাবুদ্দিনকে খুঁজে না পেয়ে পাশের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা জড়ো হয়ে পুলিশে খবর দেন। স্থানীয়রা জানান, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।












