আদালতে থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলার আসামি মো. শরিফুল ইসলাম ফের পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত থেকে পালিয়ে যান শরিফুল। এ নিয়ে দ্বিতীয়বারের মত পালালেন তিনি। ডিএমপির প্রসিকিউশন পুলিশের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘কোতোয়ালি থানার মামলায় হাজতি আসামি কৌশলে আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।’ খবর বিডিনিউজের।
এরআগে ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে খিলগাঁও থানায় কিশোর জিসান হোসেন হত্যা মামলায় শরিফুলকে আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল । ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী না আসায় এদিন সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে ডিএমপির প্রসিকিউশন কর্মরত কনস্টেবল আব্দুল আলিম তাকে আদালত থেকে নিয়ে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আসামি শরিফুল পালিয়ে যান। শরিফুলের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রাম, তার বাবার নাম শফিক আহম্মেদ।












