দেশের বর্তমান ছাত্ররাজনীতি সম্পর্কে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের পূর্ণাঙ্গ ধারণার অভাব দেখছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ‘ছাত্রদলে ছাত্র নেই’–মুক্তাদিরের এমন মন্তব্যের জেরে নাছিরের কাছ থেকে এ প্রতিক্রিয়া এলো।
গতকাল মঙ্গলবার ফেইসবুক পোস্টে নাছির লিখেছেন, জনাব সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই।’ তার এ মন্তব্য থেকে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই। খবর বিডিনিউজের।
নাছিরের ভাষ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।
সোমবার সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক টক শোতে অংশগ্রহণ করেন সালমান মুক্তাদির। ছাত্রদলে ছাত্র না থাকার মন্তব্যটি তিনি সেখানেই করেন। তার এ মন্তব্যের জবাব আসে নাছিরের গতকাল বিকালের ফেইসবুক পোস্টে।












