চন্দনাইশের দোহাজারী পৌরসভার একটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিষাক্ত রাসায়নিক, রং, স্যাকারিন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম প্রস্তুত করে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ লাখ টাকার ক্ষতিকারক মালামাল জব্দ করা হয়।
জানা যায়, দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাজারী পুকুর পাড় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিউ আনার কলি নামে একটি প্রতিষ্ঠানে আইসক্রিম প্রস্তুত করে বাজারজাত করা হচ্ছে।
বিষাক্ত রাসায়নিক, রং ও স্যাকারিন ব্যবহারের তথ্য পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অপরাধের সত্যতা পেয়ে প্রতিষ্ঠান মালিক শিবু দাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আরো ২ লাখ টাকা মূল্যের ক্ষতিকারক পণ্য জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, আইসক্রিমে বিষাক্ত রাসায়নিক, রং ও স্যাকারিন মিশ্রিত করে বাজারজাত করা হচ্ছে। যা ভবিষ্যৎ প্রজন্মকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।












