অবৈধ স্থাপনা উচ্ছেদ, সওজের সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

পটিয়ার শান্তির হাট ও পাঁচুরিয়া

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

পটিয়ায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের যানজটপূর্ণ এলাকা শান্তির হাট ও পাঁচুয়ায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের এ অভিযানে মহাসড়কের শান্তির হাট এলাকায় সড়কের দুপাশ ও পাঁচুরিয়া এলাকায় পৃথক দুটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের প্রবেশ পথ ও সামনে থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর দখলমুক্ত হয় সাড়ে ৩ কোটি টাকার প্রায় সাড়ে তিন একর সরকারি ভূমি।

অভিযানে নেতৃত্ব দেয়া পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের পটিয়ার উপ বিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান পারভেজ এসব তথ্য জানান। এদিকে শান্তির হাটে উচ্ছেদ অভিযানকালে বার বার নির্দেশনার পরও দোকানের মালামাল সড়ক বিভাগের জায়গায় রাখার দায়ে সড়ক বিভাগ আইনে একটি মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও পটিয়া থানার ওসি জিয়াউল হক। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু আহসান মো. আজিজুল মোস্তফা, সার্ভেয়ার সুবাশিষ চাকমাসহ পটিয়া থানা ও হাইওয়ে থানার বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান, পটিয়ার শান্তির হাট একটি জনবহুল এরিয়া। আমরা প্রায় সময় অভিযোগ পাইসড়ক দখলের কারণে প্রায় সময় যানজটের সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি হয়। যার কারণে পটিয়ার এমপি এনামুল হক স্যারের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান করা হয়। অবৈধ দখলদারদের বার বার নোটিশ ও মাইকিং করার পরও, তারা সড়কের জায়গা দখল করে আছে, তাদেরকে উচ্ছেদ করে জায়গাগুলো উদ্ধার করা হয়েছে। প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, এমপি এনাম স্যার ও উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়েছে। এতে আশা করছি শান্তির হাটের যানজট কমবে। এ উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। উচ্ছেদ অভিযানে সাড়ে ৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত পুলিশ, গ্রেপ্তার ১