বাংলাদেশে উচ্চ শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৬ শতাংশ। অর্থাৎ চাকরির বাজারে প্রবেশ করা প্রতি ১০০ জন তরুণের মধ্যে ৩৬ জনই বেকার থাকছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আইএমএফের ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট সাময়িকীর (এফঅ্যান্ডডি ম্যাগাজিন) সেপ্টেম্বর ২০২৬ সংস্করণে এ গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। সখবর বিডিনিউজের।
আইএমএফের হিসাব অনুযায়ী, বাংলাদেশে উচ্চ শিক্ষিত তরুণদের বেকারত্বের হার সামগ্রিক যুব বেকারত্বের হারের তুলনায় বেশি। ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণদের নিয়ে করা বিশ্লেষণে সামগ্রিক যুব বেকারত্বের হার ১০ শতাংশের কম।
এশিয়ায় যুব বেকারত্ব নিয়ে করা গবেষণায় সংস্থাটি বলছে, এশিয়া জুড়েই যুব বেকারত্বের হার বেশি। তবে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা যাচ্ছে উচ্চ শিক্ষিত তরুণদের মধ্যে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উচ্চ শিক্ষিত তরুণদের বেকারত্ব সবচেয়ে বেশি শ্রীলঙ্কায়, ৪৩ শতাংশ। এরপর ভারতে ৪২ শতাংশ এবং বাংলাদেশে ৩৬ শতাংশ।
এর পরেই নাম আছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানের। এর মদ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্সে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশের কম।










