অপরাধ প্রতিরোধে আরো সক্রিয় হওয়ার নির্দেশ

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিএমপি কমিশনার

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল বুধবার দামপাড়ায় সিএমপির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সভায় কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট সকল উপপুলিশ কমিশনারকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরো সক্রিয় হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া সভায় মার্চ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ডিবিউত্তর) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ডিবিদক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের চিত্রাঙ্গদায় মুগ্ধ দর্শক
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখে বিভিন্ন সংগঠনের নানা আয়োজন