মুশফিকের বিদায়ী ম্যাচ রাঙাতে থাকবে নানান উদ্যোগ : বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসরের সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি এবং মুশফিকের বন্ধু তামিম ইকবাল। মিনিট তিনেকের এক সংবাদ সম্মেলনে মুশফিকের ক্যারিয়ারের ইতি টানার খবর জানিয়ে তিনি বলেন, বন্ধুর অনুরোধেই মূলত তিনি দিচ্ছেন এই ঘোষণা। একইসঙ্গে জানালেন, মুশফিকের বিদায়ী ম্যাচ রাঙাতে বিসিবির পক্ষ থেকে থাকবে নানান উদ্যোগ। ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর প্রথম টেস্ট হবে মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর সম্ভাব্য সময় আগামী ১৪ ফেব্রুয়ারি। ওই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানবেন মুশফিক। এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায়, ২০২২ সালে টি–টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক। তাই আগামী ফেব্রুয়ারিতে টেস্টও ছেড়ে দেওয়ার মাধ্যমে পর্দা নামবে অভিজ্ঞ ব্যাটসম্যানের সাড়ে ২১ বছরের ক্যারিয়ারের। সাদা বলের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা সামাজিক মাধ্যমে জানানোয় এবার মুশফিককে আগে থেকেই এই বিষয়ে অনুরোধ করে রাখেন তামিম।

তামিম জানান, ‘কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানায়। এরপর থেকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাকে বলেছিলাম, নিজেই যেন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেয়। একই সঙ্গে তাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা না দেওয়ার অনুরোধও করেছিলাম। বাংলাদেশের ক্রিকেটে সে অসাধারণ অবদান রেখেছে। আমি চেয়েছি, তার মতো একজন ক্রিকেটারের বিদায়টা যেন যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে হয়। তবে মুশফিকের অনুরোধেই আমি এই ঘোষণা দিচ্ছি। মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট।’

এসময় বিসিবি সভাপতি ঘোষণা দেন, মুশফিকের বিদায়ের ক্ষণ রাঙাতে আয়োজনের কমতি রাখবে না বোর্ড। ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁর প্রতি কেবল কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে যে অবদান রেখেছে, তার যথাযথ স্বীকৃতি দিতে চাই। সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং অসংখ্য ক্রিকেটার ও তরুণের আদর্শ। মুশফিকের জন্য বিসিবির পক্ষ থেকে অবশ্যই বড় পরিসরে একটি বিদায়ী আয়োজন করা হবে। এছাড়া সময়ের সঙ্গে আরও কিছু উদ্যোগের কথাও আপনারা জানতে পারবেন এবং দেখতে পাবেন।’ ২০০৬ সালে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর পর পুরোটা সময় মুশফিককে সতীর্থ হিসেবে পান তামিম। সময়ের সঙ্গে কাছের বন্ধু হয়ে যান তারা। নিজে আগেই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। এবার প্রিয় বন্ধুর অবসরে স্বাভাবিকভাবেই মন খারাপ তামিমের। তবে আবেগের জায়গা এক পাশে রেখে মুশফিকের বিদায় রাঙাতেই বারবার জোর দেন বোর্ড প্রধান।

‘মুশফিকের মতো একজন মেধাবী ও অসাধারণ মানের ক্রিকেটার যখন অবসরের সিদ্ধান্ত নেয়, তখন স্বাভাবিকভাবেই আমার খারাপ লাগে, মন খারাপ হয়। তবে আমি চাই, ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি বিশেষ আয়োজনে পরিণত করি। বিসিবির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি সাংবাদিকদের কাছে একটি অনুরোধ রাখতে চাই। এখন থেকে প্রথম টেস্ট শুরু হওয়া পর্যন্ত আমরা যেন মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের সব সুন্দর স্মৃতি সামনে নিয়ে আসি।’ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি এখনও ঘোষণা করেনি বিসিবি। তবে তামিম জানিয়ে দিলেন, ১৪ ফেব্রুয়ারি শুরু হতে পারে সিরিজের প্রথম টেস্ট। এর আগপর্যন্ত মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারের সব ইতিবাচক দিক নিয়ে আলোচনার আহ্বান জানান তামিম।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে রাতে পর পর ছয় স্থানে ককটেল বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ