কোকো স্মৃতি ক্রিকেটের শিরোপা পেল ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ

খেলা শেষে কনসার্ট উপভোগ করলেন হাজার হাজার দর্শক

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জয়ের গৌরব অর্জন করলো ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। গতকাল শনিবার শহীদ শাহজাহান মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত মেগা ফাইনালে তারা ৪ উইকেটে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। সকালে খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এরপর তিনি ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দিপ্তী উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি। তারা ১৮.৩ ওভার খেলে ১৩৯ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে তারিক রহমান সর্বোচ্চ ৩৫, মাসুম উদ্দিন ২৫ ও এ কে রানা ২২ রান করেন। বল হাতে ইসহাক কাদের চৌধুরী একাদশের সামশুদ্দীন বাপ্পা ২৪ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া ইফরান হোসাইন ১৫ রানে ও সাজ্জাদ হোসাইন ২৮ রানে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ ১৬.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলে জয় নিশ্চিত করে এবং আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম শিরোপা নিজেদের ঘরে তুলে নেয়। দলের পক্ষে আবদুল্লাহ জিসান সর্বোচ্চ ৪১ বলে ৪৪, তুহিন ২৬ বলে ৪৩ ও সাজ্জাদ হোসাইন ১০ বলে অপরাজিত ৩০ রান সংগ্রহ করেন। বল হাতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির রানা ৩১ রানে ও রাতুল ইরফান ৪১ রানে ২টি করে উইকেট নেন। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ইসহাক কাদের চৌধুরী একাদশের সাজ্জাদ। তিনি ২টি উইকেট নেন এবং অপরাজিত ৩০ রান করেন। সর্বমোট ২৩৯ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইসহাক কাদের চৌধুরী একাদশের জিসান। এছাড়া মোট ১২ উইকেট নিয়ে সেরা বোলার হন ইসহাক কাদের চৌধুরী একাদশের সাজ্জাদ হোসাইন। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুব দল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় ট্রফি সহ ২ লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হয়। রানার্স আপ দল পায় ট্রফি সহ ১ লক্ষ টাকার প্রাইজমানি। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট প্রাপ্ত খেলোয়াড়ের জন্য ছিল ক্রেস্ট সহ প্রাইজমানি। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শহীদুল্লাহ বাহার, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহীন পাটোয়ারী, আব্দুল হামিদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মুহাম্মাদ সাগির, জহিরুল হক টুটুল, গোলজার হোসেন মিন্টু, আরিফুর রহমান মাস্টার আরিফ, সাখাওয়াত কবির সুমন, মামুনুর রশিদ মামুন, শওকত খান রাজু, বাদশা আলমগীর, সাইফুল আলম, রাসেল খান, ওমর ফারুক, মামুনুর রশিদ মামুন, এফএএফ রুমী, বাদশা আলমগীর, সাইফুল আলম, জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি, অঙ্গ সংগঠন এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স সহ জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর পরিবেশনায় অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট অনুষ্ঠান। হাজার হাজার সংগীতপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে এই কনসার্ট উপভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধআহমদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে রাতে পর পর ছয় স্থানে ককটেল বিস্ফোরণ