বিভিন্নস্থানে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মমতা : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ে গতকাল বৃহস্পতিবার লালিদীঘির ময়দানে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়। এতে র‌্যালি ও প্রদর্শনী কেন্দ্রে অংশগ্রহণ করে মমতা। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রদর্শনীতে মমতা ডেইরী ফার্ম এন্ড এগ্রো এবং মমতার কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ (এএলএফ) ইউনিট অংশগ্রহণ করে। প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে মমতার স্টলসমুহের কার্যক্রম পরিদর্শন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শনীতে মমতা ডেইরী ফার্ম এন্ড এগ্রো খাঁটি ও পুষ্টিসম্মত দুধ ও দুগ্ধজাত পন্য তথা ঘি, সন্দেশ, প্যারাসহ অন্যান্য পণ্য, মমতার প্রাণিসম্পদ ইউনিটের মুরগির ডিম আগত দর্শনাথীদের জন্য বিশেষ ডিসকাউন্ডে ক্রয় করার সুবিধা প্রদান করে, এছাড়াও প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিদের জৈব–প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে মমতার কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের স্টলে অবহিত করা হয়।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান,‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদারের স্বাগত বক্তব্যরে মাধ্যমে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা মো.আমজাদ হোসেন, সমবায় কর্মকর্তা মো.ওবাইদুল হক, মাস্টার লোকমান আহমদ, কেএম সালাহ উদ্দীন কামাল,মাওলানা আবু তাহের, মো. আবুল কালাম, মোঃ শহিদুল ইসলাম সিকদার, মোহাম্মদ হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাঁশখালীর খামারিরা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণিজাত পণ্য রপ্তানি করতে সক্ষম হবেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, খামারিদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক খামারি, উদ্যোক্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব চসিক প্রশাসকের
পরবর্তী নিবন্ধপটিয়ায় ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠায় সব ধরনের সহায়তা দেয়া হবে