মিশরের একটি প্রধান রিং রোডে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি গাড়ি উল্টে গিয়ে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিডিনিউজের।
দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর জানায়, বুধবার গিজার আল–ওয়ারাক জেলার একটি টানেলের ওপরে এই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক হিসাবে দেখা গেছে, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ অন্তত ২৭টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে বলে দপ্তরটি উল্লেখ করেছে। রয়টার্স জানিয়েছে, যেসব নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের পরিচয় নিশ্চিত করতে মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রসিকিউশন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে ৩৯টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত আলি ইউসুফ বলেন, গাড়িগুলো ভেতরে থাকা মানুষসহ পুড়ে ছাই হয়ে গেছে। তারা বের হওয়ার কোনো সময়ই পাননি। আগুন গাড়ি ও ভেতরের মানুষগুলোকে পুড়িয়ে দিয়েছে।











