সিঙ্গাপুরে ভালো ফলের আশা অধিনায়ক মারিয়ার

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দা প্রত্যয়ী কণ্ঠে ভালো ফল নিয়ে ফেরার আশাবাদ শোনান। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। বাটলারের পরিবর্তে নতুন কোচ এরিক মেয়ারের অধীনে মারিয়া প্রস্তুতি নিয়ে স্বস্তির কথা বললেন। ‘আমরা সবাই, দলের সবাই সুস্থ আছি। যেহেতু আমাদের আবার একটা সুযোগ এসেছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার। তো আমরা সেভাবেই ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আর আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি এবং একটা ভালো ফল করতে পারি। একজন খেলোয়াড় হিসেবে সবকিছু আসলে মানিয়ে নিতে হয়। আগে পিটার স্যারের কাছে আমরা প্র্যাকটিস করেছিলাম, এখন নতুন কোচের কাছে প্র্যাকটিস করছি। সবার কোচিংয়ের ধরন তো এক থাকে না। খেলোয়াড় হিসেবে যেটা করা আমাদের উচিত যে টেকনিকই আমাদের কোচ দেখাক না কেন, আমরা সেটা নিয়েই প্রস্তুতি নিব এবং খেলব।’ সিঙ্গাপুরকে শক্তিশালী মেনে নিজেরা প্রস্তুত হওয়ার কথা বলেন মারিয়া। ডাগআউটে বাটলারকে মিস করবেন, বললেন সেটাও। ‘বিদেশি খেলোয়াড়রা অনেক শক্তিশালী হয়। সে হিসেবে, সিঙ্গাপুর দলে যারা প্রবাসী আছে, তো শক্তিশালী হবেই। আমরা ধরে নিচ্ছি ওরা অনেক শক্তিশালী। তো ওই হিসেবে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি, তাদের বিপক্ষে লড়াই করার জন্য। স্যার (বাটলার) আমাদের সাথে প্র্যাকটিসে যুক্ত ছিলেন, উনি তো অনেকদিন আমাদের প্র্যাকটিস করিয়েছিলেন। এখন উনি অসুস্থতার কারণে আমাদের দলের সাথে নাই। যেহেতু আমাদের সাথে ছিলেন, আমরা তো তাকে মিস করবই।’

পূর্ববর্তী নিবন্ধসাদা বলের সিরিজে চোটের হানা দক্ষিণ আফ্রিকা দলে