কেডি প্রভাতী বার্ষিক অভ্যন্তরীণ ফুটবলে প্রথম জয়ের দেখা পেয়েছে কে ডি মোহামেডান। গতকাল সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় খেলায় তারা টাইব্রেকারে ১–০ গোলে কে ডি রাইজিং স্টার’কে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে সঞ্জয় বড়ুয়া একমাত্র জয়সূচক গোলটি করেন। ২টি করে ম্যাচে অংশ নিয়ে দু’দলই টাইব্রেকারে ১ জয় ও ১ পরাজয়ে ৩ পয়েন্ট করে ঝুলিতে জমা করেছে। খেলা শেষে সেরা খেলোয়াড় কে ডি মোহামেডানের সঞ্জয় বড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন কেডি প্রভাতী ক্লাবের সভাপতি বিজয় বড়ুয়া বাপ্পা, সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আমীর হোসেন ও সাধারণ সম্পাদক সুধীর দে। এ সময় সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আমীর হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মি. পারভেজ, কোষাধ্যক্ষ মি. জাবেদ ও ক্রীড়া সম্পাদক নেপাল বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৬টায় কে ডি মোহামেডান ও কে ডি ব্রাদার্স এবং ৭ টায় কে ডি আবাহনী ও কে ডি মুক্তিযোদ্ধা পরস্পরের মুখোমুখি হবে।









