নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ করতে কার্যকর উদ্যোগ চাই

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। অর্থাৎ এক বছরে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি (প্রায় ৫৪ শতাংশ)। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। গত বুধবার এইচআরএসএসর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের এসব তথ্য জানান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪৩৪ জনই (প্রায় ৫৭ শতাংশ) শিশু ও কিশোরী। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর ৩৪ জনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে ৭৬৮ হয়েছে, যা প্রায় ১০৫ শতাংশ বেশি। যৌন নিপীড়নের শিকার শিশুদের সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে। পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ এবং আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে। এছাড়া যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে।

এইচআরএসএস মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দায়ী।

অপরাধ সংঘটনের পর বিচার নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার মূল কারণ দূর করতে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ জরুরি। এ পরিস্থিতি মোকাবিলায় এইচআরএসএস–এর সুপারিশ দিয়েছে। এরমধ্যে রয়েছে– ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করা। ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত করা।

অপরাধ বিশেষজ্ঞ, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্টজনরা বলছেন, সামাজিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয়, বিচারহীনতা ও প্রযুক্তির প্রসারের কারণে ঘটছে এ ধরনের ঘটনা। এ ধরনের ঘটনা রোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেমন আরও কার্যকর ভূমিকা রাখতে হবে, তেমনি পারিবারিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে সামাজিক অনুশাসনের প্রতি জোর দেয়ারও তাগিদ দিয়েছেন তারা। এক সমীক্ষায় দেখা গেছে, এসব খুনের বেশির ভাগই ঘটেছে সামাজিক ও পারিবারিক কারণে। সাধারণত পারিবারিক কলহ, অর্থ লেনদেন, ব্যবসায়িক দ্বন্দ্ব বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে এঁরা খুন হয়েছেন। আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে পারিবারিক হত্যাকাণ্ড।

অপরাধ বিজ্ঞানীরা বলেন, সামাজিক কারণে আমাদের দেশে এ ধরনের নৃশংস ঘটনা নতুন কিছু নয়। বর্তমানে গণমাধ্যমের কল্যাণে তা সবাই হয়তো প্রত্যক্ষ করতে পারছে। শিশুহত্যার মতো যে ধরনের ঘটনা ঘটছে, তা সামাজিক কারণেই ঘটছে। যার বেশির ভাগ শিকার নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের শিশু। তাঁরা বলেন, আমাদের সমাজব্যবস্থার যে কাঠামো তাতে দেখা যায় যে, অপরাধীরা সাধারণত শক্তিশালী ও প্রভাবশালী হয়ে থাকে। ফলে বেশির ভাগ ক্ষেত্রে অপরাধের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত হয় না। এছাড়া পৃথিবীর অনেক দেশেই অপরাধ কমানোর জন্য সামাজিক অনুশাসনের ওপর গুরুত্ব দেয়া হয়। কিন্তু আমাদের দেশে এ ধরনের উদ্যোগ খুব একটা নেই। শিক্ষার অভাবও এর জন্য দায়ী।

বিশ্লেষকরা বলেন, জেন্ডার সমতাপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি বড় বাধা হিসেবে কাজ করছে। সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি, খুন, ধর্ষণের ঘটনা ঘটছে। নারীর প্রতি অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, নারীবান্ধব আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারা, বিচারিক কাজে দীর্ঘসূত্রতার ফলে নারীর উন্নয়ন, তথা দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মূলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির অধিকার, সন্তানের অভিভাবকত্ব– এসব ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে হবে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, নারী নির্যাতনের বিরুদ্ধে আইন প্রণয়ন ও যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিতে ছাত্রসমাজের ভূমিকাকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে