‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৬’। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রামের যৌথ আয়োজনে গতকাল নগরীর লালদীঘির মাঠে বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা খামারি ও উদ্যোক্তাদের বর্তমান যুগের বাস্তবতা ও বাজার চাহিদা অনুধাবন করে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। হার্বার্ট স্পেন্সারের ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’ তত্ত্ব এবং কোডাক, ফুজি ও নোকিয়ার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘বর্তমান যুগে অন্য কোনো সহায়তা নিয়ে টিকে থাকার সুযোগ খুবই কম। আপনাকে টিকে থাকতে হবে আপনার নিজস্ব দক্ষতা ও যোগ্যতা দিয়ে। আমাদের প্রধান ঘাটতি হলো–বাজারে কোন পণ্যের চাহিদা এবং কী পরিমাণ জোগান রয়েছে, সে বিষয়ে আমাদের পর্যাপ্ত গবেষণা ও পরিকল্পনা নেই।
বাস্তবধর্মী পরিকল্পনার অভাব ও সম্পদ ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, কোনো এক বছর পেঁয়াজের সংকট দেখা দিলে পরের বছর অতিরিক্ত উৎপাদনের ফলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। একইভাবে প্রতি বছর কোরবানির সময় বিপুল পরিমাণ চামড়া সঠিক ব্যবস্থাপনার অভাবে নষ্ট হয়ে অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি ডেকে আনে। এসব বাস্তবতাকে স্বীকার করে প্রতিটি দপ্তর ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেন তিনি। বিদেশি জাতের পাশাপাশি দেশীয় প্রাণিসম্পদ সংরক্ষণের ওপর জোর দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উৎপাদন বেশি হওয়ায় আমরা অবশ্যই বিদেশি জাতের প্রাণীকে উৎসাহিত করব, কিন্তু আমাদের দেশীয় জাতের প্রাণীগুলো যেন হারিয়ে না যায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি দক্ষ হাতই আমাদের প্রকৃত সম্পদ। প্রতিটি খামারি ও উদ্যোক্তাকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ শ্রম ও পরিকল্পনা দিয়ে মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে, যাতে আমাদের আর বিদেশমুখী হতে না হয়; বরং প্রাণিজ প্রোটিন ও মাংস বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখা যায়।
জেলা প্রশাসন জানায়, ভৌগোলিক বৈচিত্র্যে অনন্য চট্টগ্রামে দেশীয় গরুর ঐতিহ্যবাহী জাত ‘রেড চিটাগাং ক্যাটল’ এর উৎপত্তি হয়েছে। এছাড়া সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারার বিস্তৃত উপকূলীয় চারণভূমিতে বাথান পদ্ধতিতে মহিষ ও ভেড়া পালনসহ জেলায় বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ মুরগি, ৮ লাখ হাঁস, ২৫ লাখ গরু, ৫০ হাজার মহিষ ও ৫ লাখ ছাগল রয়েছে। এসব থেকে বার্ষিক প্রায় ৭ লাখ মেট্রিক টন দুধ, ৩.৫ লাখ মেট্রিক টন মাংস এবং ৯০ কোটি ডিম উৎপাদিত হচ্ছে। জেলা প্রশাসন আরও জানায়, দিনব্যাপী এ প্রদর্শনীতে মোট ৫০টি স্টলে পেট অ্যানিম্যাল, সৌখিন পাখি ও বাণিজ্যিক পোল্ট্রি, মেডিসিন ও ফিড, ভ্যালু অ্যাডেড লাইভস্টক প্রোডাক্ট, রোগ নিরূপণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং খামারে ব্যবহার্য আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। সকালে অতিথিদের আগমনের পর র্যালি, স্টল পরিদর্শন ও আলোচনা সভা শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্রবার জেলার প্রতিটি উপজেলায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও মেডিকেল ক্যাম্প এবং পরদিন ২৮ নভেম্বর জেলে পল্লীর গ্রামীণ শিশুদের (স্বপ্নীল মডেল একাডেমি) জন্য স্কুল ফিডিং কর্মসূচি পালিত হবে।











