ভারতে পাকিস্তানের কোনো চলচ্চিত্র বা সিরিজ যেন প্রদর্শিত না হয়, তা নিশ্চিত করতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে বলেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল। সিরিজটি ঘিরে ভারতে বিতর্কের মধ্যেই এ বার্তা দেওয়া হলো।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সে দেশের মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানিয়েছে, ভারতে সিরিজটির মুক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়ে। এরপর ২০২৫ সালের ৮ মে জারি করা কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চলার কথা নেটফ্লিক্সকে মনে করিয়ে দেওয়া হয়। পহেলগাঁও হামলার পর জারি হওয়া ওই নির্দেশিকায় ভারতের সব ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে নির্মিত চলচ্চিত্র বা সিরিজের সম্প্রচার বন্ধ করতে বলা হয়েছিল।
সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের জুনে নেটফ্লিক্স নিজেই কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল, ভারতীয় গ্রাহকদের জন্য পাকিস্তানের কোনো চলচ্চিত্র বা সিরিজ রাখা হয়নি। সরকার এবার সেই প্রতিশ্রুতির কথাই নতুন করে স্মরণ করিয়েছে।
সম্প্রতি সিরিজটি নেটফ্লিক্সে আসার খবর জানাজানি হলে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ) ভারতে ‘জো বাচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ সিরিজের মুক্তি বন্ধের দাবি তোলে। সংগঠনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠিও পাঠায়।
সিরিজটির অভিনেতা ফওয়াদ খান ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন, দেশটিতে তাঁর অনুরাগীও রয়েছে। মাহিরা খান শাহরুখ খানের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন। ফলে সিরিজটি নিয়ে আগে থেকেই আলোচনা ছিল।
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়। এরপর জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নির্দেশিকায় দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজ না করার কথাও ছিল।
ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এ প্রেমের সিরিজে ফওয়াদ ও মাহিরা ছাড়াও অভিনয় করেছেন সানাম সাইদ ও হানিয়া আমির।











