চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছর পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। তবে এখনো শেষ হয়নি হত্যা মামলার বিচার। মামলার অভিযোগপত্রে ৪৯ জন সাক্ষীর নাম থাকলেও এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। ৩৭ আসামির মধ্যে ১০ জন এখনো পলাতক। বিচারকাজের এই ধীরগতিতে ক্ষুব্ধ নিহত আলিফের সহকর্মী আইনজীবীরা। তাঁদের দাবি, পলাতক আসামিদের গ্রেপ্তার করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে।
আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পুরোনো আদালত ভবন, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে আইনজীবীরা বলেন, প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যার ঘটনার দুই বছর পার হলেও বিচার শেষ না হওয়া হতাশাজনক। সাক্ষ্যগ্রহণের ধীরগতিতে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ দ্রুত শেষ করার পাশাপাশি পলাতক ১০ আসামিকে গ্রেপ্তারের দাবি জানান। একই দাবিতে নিহত আলিফের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
যেভাবে হত্যা করা হয় আলিফকে
২০২৪ সালের ২৬ নভেম্বর। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছিল। ওই দিন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও অন্যদের সংঘর্ষ হয়। আদালত এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
এই সংঘর্ষের মধ্যে আদালত ভবনের অদূরে রঙ্গম কনভেনশন হল সড়কে হামলার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তাঁকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আলিফ তখন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার পর চট্টগ্রামের আইনজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। আদালত এলাকায় একজন আইনজীবীকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন তাঁরা।
এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। মামলার ৩৭ আসামির মধ্যে বর্তমানে ২৭ জন কারাগারে রয়েছেন। বাকি ১০ জন পলাতক।
দুই বছর পূর্তিতে আইনজীবীদের কর্মসূচিতে তাই মূল দাবি ছিল মামলার দ্রুত বিচার। তাঁদের বক্তব্য, সাক্ষ্যগ্রহণ দ্রুত শেষ করে পলাতক আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে হবে।












