ফুটপাত দখলদারদের বিরুদ্ধে চসিকের অ্যাকশন, উচ্ছেদ শতাধিক স্থাপনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৪:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরের জামালখান থেকে চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি হয়ে নূর আহমদ সড়ক পর্যন্ত পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসানো ৯টি টং দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার এবং দুটি লোহার বক্স জব্দ করা হয়।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে কোতোয়ালি থানার আওতাধীন এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চসিক সূত্রে জানা গেছে, নগরের গুরুত্বপূর্ণ এসব সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে অস্থায়ী দোকানসহ নানা ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। সড়কের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে ওঠায় স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।

অভিযানকালে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাত ও সড়কে রাখা দোকান, গ্যাস সিলিন্ডার ও লোহার বক্স জব্দ করা হয়। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পথচারীদের চলাচলের জায়গা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ‘রায়হান’ অধরা, তবে সন্ধান মিলেছে তাঁর ব্যবহৃত পিস্তল ও অস্ত্র কারখানার
পরবর্তী নিবন্ধআলিফ হত্যা : দুই বছরেও বিচার শেষ হয়নি, মানববন্ধনে আইনজীবীদের ক্ষোভ