জীবনে তিনবার শয়তানকে দেখেছেন পোপ ফ্রান্সিসি

আজাদী অনলাইন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ১২:১৯ অপরাহ্ণ

প্রয়াত পোপ ফ্রান্সিস দাবি করেছেন, জীবনে তিনি তিনবার শয়তানকে দেখেছেন। এ ছাড়া ‘নরকের দুয়ার’ দেখার কথাও তাঁর ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন। দা প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস শীর্ষক বইটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এর কিছু অংশ প্রকাশ করেছে বিবিসি।

বইয়ে ২০২১ সালের এক লেখায় ফ্রান্সিস তিনবার শয়তানকে দেখার কথা উল্লেখ করেন। একবার গাড়ি থেকে, আরেকবার প্রার্থনা সংগীতের মঞ্চে গির্জার উপাসনা চলাকালে এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের সময়। এসবকে তিনি শয়তানের সঙ্গে সাক্ষাৎ হিসেবে ব্যাখ্যা করেছেন।

পোপ ফান্সিসের অভিজ্ঞতায় শয়তানের কণ্ঠস্বর কর্কশ, আর চেহারা ভয়ংকর। তার চোখ আগুনের ঝলকের মতো।

প্রথমবারের অভিজ্ঞতা তুলে ধরে ফ্রান্সিস লেখেন, ‘তার কণ্ঠের প্রবল কর্কশতা আমি ভুলতে পারি না। ভুলতে পারি না ভীতিকর চোখও।

দ্বিতীয়বার শয়তানকে তিনি দেখেছিলেন আর্জেন্টিনার বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকার সময় একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে। সে ঘটনার বিবরণ দিতে গিয়ে ডায়রেতি তিনি লেখেন, ‘সে জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়েছিল… আগেরবারের চেয়েও তীব্র। সেগুলো ছিল আগুনের ঝলকের মতো।’

ফ্রান্সিস আরও লিখেছেন, চিলি সফরের সময় এবং রোমে ফেরার কয়েক দিন পরের এক বৈঠকেও শয়তান তার সামনে হাজির হয়েছে। তিনি লেখেন, ‘আমি তাকে দেখেছি, তার কণ্ঠ শুনেছি। সেটা ছিল বিজয়ীর মতো। যেন সে সবকিছু দখল করে নিয়েছে।’ এরপর তিনি আরও লেখেন, ‘প্রভু আমাকে এসব সাক্ষাৎ থেকে মুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন।’

২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতির সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে লিখেছেন। কেমন ছিল নরকের দরজা? ফ্রন্সিস জানিয়েছেন, তিনি ভয় পেয়েছিলেন। কাছে যেতে চাননি। কারণ, দরজাটা খুললেই আগুনের শিখা তাকে পুড়িয়ে দিতে পারে। তিনি ডায়েরিতে লেখেন, ‘আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম দরজার দিকে। আমার ভয় করছিল। ভয় দূর করতে জপমালাকে অস্ত্র হিসেবে হাতে তুলে নিয়েছিলাম।’

১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালের চিলি সফর নিয়ে আক্ষেপও প্রকাশ পেয়েছে। ওই সফরে এক বিশপের পক্ষ নেওয়ায় তিনি সমালোচিত হয়েছিলেন। ওই বিশপের বিরুদ্ধে অভিযোগ ছিল, এক যাজকের যৌন নিপীড়ন তিনি আড়াল করেছেন। পরে ফ্রান্সিস ক্ষমা চান এবং চিলির বিশপদের রোমে ডেকে পাঠান। সেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দেন।

২০২১ সালের এক লেখায় ফ্রান্সিস লেখেন, ‘চিলির পরিস্থিতিতে আমি বিধ্বস্ত।’ তিনি আরও লেখেন, ‘যা ঘটেছে তা স্বীকার করা আমার জন্য কঠিন ছিল; ঘটনা যে এত গুরুতর, তা আমি ভাবিনি।’

ডায়েরিগুলো সম্পাদনা করেছেন ফ্রান্সিসের দীর্ঘদিনের বন্ধু ও ভ্যাটিকানের ধর্মতত্ত্ব বিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ। ১৯৬০-এর দশকের পর কোনো পোপের ডায়েরি এই প্রথম জনসমক্ষে এল।

২০১৩ সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি ১২ বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন।

সূত্র: বিবিসি অনলাইন

 

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, আজ শিক্ষক সমিতির জরুরি সভা