আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল উঠেছে চিটাগং ক্রিকেট একাডেমি (সিসিএ) ও আলোসিঁড়ি ক্লাব। গতকাল মঙ্গলবার শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় চিটাগং ক্রিকেট একাডেমি ৩২ রানে রেলওয়ে এস এ দলকে ও আলোসিঁড়ি ক্লাব ৪৭ রানে হাজী ক্যাম্প একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং ক্রিকেট একাডেমি ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে সপ্তম উইকেট জুটির দারুণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে আকিব আলী ৪৭ বলে সর্বোচ্চ ৯৮ অপ. ও হাসিবুল হাসান ৩৪ বলে ৫৬ রান করেন। বল হাতে রেলওয়ে এস এ দলের ইব্রাহিম খলিল ও সায়েম জাহাঙ্গীর ৩টি করে ও শেখ রিয়াল করিম ২টি উইকেট শিকার করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান তুলে নিজেদের ইনিংস শেষ করে রেলওয়ে এস এ। রেলওয়ের পক্ষে ইব্রাহিম খলিল ৩৯ ও অপর ইব্রাহিম খলিল অপরাজিত ৩২ রান করেন। বল হাতে চিটাগং ক্রিকেট একাডেমির ওয়াকি উদ্দিন, ওয়ালিম খান, মো. আসিফ ও আহি প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগং ক্রিকেট একাডেমির আকিব আলীর হাতে পুরস্কার তুলে দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে আলোসিঁড়ি ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানজির সর্বোচ্চ ৮১, নাজিমুদ্দিন সাব্বির ৬৭, রায়হান ৪৪ ও হাবিব খান অপরাজিত ৩২ রান করেন। বল হাতে হাজী ক্যাম্প একাদশের তানজিদ ১৬ রানে ৪টি উইকেট লাভ করেন। হাজী ক্যাম্প একাদশ ১৮ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায়। হাজী ক্যাম্পের সাজিব সর্বোচ্চ ৭৪, সাব্বির (২) ৩৫ ও লতিফ ২৭ রান করেন। বল হাতে আলোসিঁড়ি ক্লাবের সায়েম ও বিজয় ৩টি করে ও জামু ২টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আলোসিঁড়ি ক্লাবের তানজিরের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। আজ ২৫ নভেম্বর বুধবার সকাল ৯টায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম সিএস স্পোর্টস একাডেমি, দুপুর ১টায় চট্টগ্রাম–১১ বনাম মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশের মধ্যে অপর দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।











