তিতলি এবার চারে পা রাখলো।
এখনও ছোট। বুদ্ধিতে পাকা। তার বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি এলে পুবের ঝুলবারিন্দায় ছুটে যায়।
বৃষ্টিকে ছুঁতে চায়। কাছে ডাকে।
বৃষ্টি আসে না।
তাতে কি রাগ তিতলির! অভিমানে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
হঠাৎ মিষ্টি হাওয়ায় বৃষ্টির তুলতুলে কণা তিতলির হাতে পরে।
তিতলির কী আনন্দ! বৃষ্টির কণা আঙুলে ছোঁয়। ঠান্ডা, ফোঁটা– ফোঁটা। স্বচ্ছ, টলটলে।
এই আনন্দ ধরে মনে রাখতে পারেনা সে।
ছুটে যায় মা’ র কাছে।
মা তখন রান্নায় ব্যস্ত।
দূর থেকে তিতলির গলা শোনে মা। কাছে এসে বলে,
– মা – মা বৃষ্টি আমার কথা শুনেছে। বৃষ্টিকে ডাকলাম,বৃষ্টির কণা হাতে পরে। কি সুন্দর! ঠান্ডা! ফোটা– ফোটা! দেখো মা!
মা দেখে।তিতলির মুখে,চোখে আনন্দের ঝিলিক।
তিতলি আবারও বলে,
– মা, বৃষ্টিরা কোথায় থাকে?
– ঐ নীল আকাশে।
– আকাশে কিভাবে থাকে? পরে যায়না বৃষ্টি!
– মেঘের কোলে থাকে। ওরা পরে যায়না।
– মেঘের কোলে, সে আবার কি রকম?
– তুমি আমার কোলে যেমনি থাকো।
– ও তাই! ওরা খুব ভালো মা। দুষ্টুমি করে না?
– না,ওরা দুষ্টুমি করেনা। মায়ের কথা শোনে।
– ওমা! বৃষ্টিরও মা আছে?
– হ্যাঁ তিতলি, শুধু বৃষ্টির নয়, সবার মা আছে।
– ঠিক বলেছো মা। মা না থাকলে কে দেখবে।
– এই পৃথিবীতে মা সবচে’ আপনজন। কাছের। বিপদে,
দুঃখে দেখাশোনা করে। ভালোবাসে, আদর করে।
তখন বৃষ্টিটা আরো জোরে আসে।
– মা– মা বৃষ্টি আবার এলো, আমি যাই।
তিতলি ছুটে যায় ঝুলবারিন্দায়।
এবারের বৃষ্টি ফোটা বারিন্দায় পরে। তিতলি জানলার পাশে যায়। তিতলি বৃষ্টিফোটায় ভিজে। হাত, মাথা, জামা সব।
তিতলি হাসে।
বৃষ্টি ফোটা ধরে।
তখন মেঘ ডাকে। গুড়ুম– গুড়ুম! সঙ্গে হাওয়া।মেঘে ডাকে। ভয় পায় তিতলি। সে বৃষ্টিকে ছেড়ে মা’র কাছে ছুটে যায়।
রান্না ঘরে মা’র বুকে ঝাঁপিয়ে পরে।
মা ভেবে অবাক।
এইতো তিতলি খেলছিলো বৃষ্টির সাথে,হঠাৎ কি হলো! একেবারে বুকে জড়িয়ে আছে।
গুড়ুম– গুড়ুম!
ছোট শব্দে নয়। এবার অনেক বড়ো শব্দে মেঘের গর্জন। তিতলি মেঘের ডাকে মা’কে আরো কাছে জড়িয়ে ধরে।
মা বুঝে, তিতলি মেঘের ডাককে ভয় পেয়েছে।মা বলে,
– ছিঃ ছিঃ মা, কেউ মেঘের ডাককে ভয় পায়।
তিতলি চুপ,কথা বলেনা।
মা এবার তিতলিকে কোলে তুলে মুখে ঠোঁট বসিয়ে বলে,
– তিতলি ভয় পেলে মেঘের ডাককে?
– মা মেঘ পচাঁ। তিতলি বলে।
আবারো মেঘের গর্জন।
একটা দু’টো নয়,পরপর অনেকটা। অনেক বড়ো শব্দে।
মায়ের কোলে তিতলি।
জোড়ে জড়িয়ে ধরে।
এই শব্দে মা ও ভয় পায়।
তিতলি মা’র ভয়কাতুরে মুখ দেখে বলে,
– মা– মা, সত্যিই মেঘ পচাঁ।
– হ্যাঁরে তিতলি, মেঘ ভালোনা,পচাঁ।
তিতলি হাসে মায়ের কোলে।
মা লজ্বায়! তবু তিতলির সাথে হাসে।
তখন বাবা আসে অফিস থেকে।
মা’র কোল থেকে নেমে ছুটে যায়। বাবা তিতলিকে কোলে নেয়।আদর করে।
বৃষ্টি– বৃষ্টি– বৃষ্টি!
থামার কোন লক্ষন নেই। পুরো আকাশ মেঘচাদরে ঢাকা।
আবার বিজলি।মেঘগর্জন। বাবা বলে,
– শোনো,ভাত দাও।আবার অফিসে যাবো।
– দিচ্ছি।মুখহাত ধুয়ে এসো।
– বাবা,এই বৃষ্টিতে তুমি অফিস যাবেনা। বাইরে দেখছো মেঘ ডাকছে। মেঘ, বৃষ্টি ভীষণ পঁচা। শুধু ভয় দেখায়।
তখনই মা আসে, বলে,
– তিতলি, তুমিতো বৃষ্টিকে খুব ভালোবাসতে। হঠাৎ বলছো,- বৃষ্টি পঁচা,মেঘ পঁচা!
তিতলিও ছাড়েনা মাকে।বলে,
– এইতো একটু আগে তুমিওতো বলছিলে,বৃষ্টি পঁচা, মেঘ পঁচা।
মা সত্যিসত্যি লজ্বায় লাল হয়ে যায়। কিছুই বলেনা।
শুধু বলে,
– ডাইনিং টেবিলে ভাত দিয়েছি, খেতে এসো।
বাবা তিতলিকে নিয়ে ডাইনিং টেবিলে যায়।
বাইরে আকাশ কালো মেঘে ভরে যায়।
এই বুঝি বৃষ্টি নামবে।
বাবা, তিতলি খেতে বসে।
টিভিতে বারবার বলছে, তিতলি ধেয়ে আসছে। চার নম্বর বিপদ সংকেত।
খবর শুনে তিতলিও বলছে,
– বাবা– বাবা তিতলি আসছে, মানে? আমিতো আছি,ঐ তিতলিটা কে?
– ওটা একটা ঘূর্ণিঝড়, ভয়ানক। ঘরবাড়ি,গাছগাছালি সব ভেঙেচুরে দেবে।
– ও,তাই! ঠিক আছে বাবা। তুমি ভাত খেয়ে শুয়ে পড়ো। এই তিতলিতে অফিসে যাবেনা।
– ঠিকই বলেছিস মা। আমি অফিসে যাবোনা।
তিতলি হাসে।
তিতলি আসে, ধীরে ধীরে।
বাংলাদেশে নয়, উড়িষ্যায়।






