সংস্কৃতি একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, মনন, জীবনবোধ ও আত্মপরিচয়ের অনন্য প্রতিচ্ছবি। কোনো জাতির প্রকৃত পরিচয় কেবল তার ভৌগোলিক সীমানা কিংবা অর্থনৈতিক সমৃদ্ধিতে সীমাবদ্ধ নয়; বরং তার ভাষা, সাহিত্য, সংগীত, শিল্পকলা, লোকজ ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের মধ্যেই নিহিত থাকে জাতিসত্তার গভীরতম ভিত্তি। তাই নিজস্ব সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ একটি জাতির অস্তিত্ব, মর্যাদা ও স্বকীয়তা রক্ষার অপরিহার্য শর্ত। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। লোকসংগীত, বাউলগান, পালাগান, যাত্রাপালা, পুঁথিপাঠ, লোকনৃত্য, উৎসব–পার্বণ ও গ্রামীণ শিল্পকলার মধ্য দিয়ে এ দেশের মানুষের জীবনদর্শন ও ইতিহাস প্রতিফলিত হয়েছে। অথচ যথাযথ পৃষ্ঠপোষকতা, সংরক্ষণ ও প্রজন্মান্তরে চর্চার অভাবে এসব ঐতিহ্যের অনেক কিছুই আজ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শিক্ষা প্রতিষ্ঠানে সাহিত্য, সংগীত, নাটক, আবৃত্তি ও শিল্পচর্চার পরিসর বাড়াতে হবে। পাশাপাশি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের যথাযথ সম্মান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সৃজনশীল কর্মকাণ্ডের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। মনে রাখতে হবে, সংস্কৃতির বিকাশ ছাড়া মানবিক, অসামপ্রদায়িক ও মননশীল সমাজ নির্মাণ সম্ভব নয়। অপসংস্কৃতি ও সংকীর্ণতার বিপরীতে সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে সমাজে সমপ্রীতি, সহনশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে। নিজস্ব সংস্কৃতির শিকড় যত গভীরে প্রোথিত হবে, জাতির আত্মপরিচয় ততই হবে সমৃদ্ধ, সুদৃঢ় ও গৌরবময়।
বর্ষা ঘোষ
শিক্ষার্থী,
মাস্টার্স ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ।












