চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকাগুলোর একটি সিনেমা প্যালেস মোড়। ছয় রাস্তার মোড়ে প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ মোড় দিয়ে চলাচল করেন। যানবাহনের চাপের মধ্যে রাস্তা পার হতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত ঝুঁকি নিতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে রাস্তা পারাপার অনেকের জন্য দুর্ভোগ ও নিরাপত্তাঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।এমন গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপদ পথচারী পারাপারের ব্যবস্থা থাকা জরুরি। শুধু যানবাহন চলাচল নির্বিঘ্ন করলেই নগর ব্যবস্থাপনার দায়িত্ব শেষ হয় না; পথচারীর নিরাপত্তাও সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে। তাই সিনেমা প্যালেস মোড়ে একটি আধুনিক, প্রশস্ত ও প্রতিবন্ধীবান্ধব ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থানটি পরিদর্শন করে পথচারীর চাপ, যানবাহনের গতি ও দুর্ঘটনাঝুঁকি মূল্যায়ন করুক। প্রয়োজনীয় সমীক্ষার ভিত্তিতে দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ করা হোক নিরাপদ পথ পারাপার নাগরিকের অধিকার, বিলাসিতা নয়।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী,
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ








