চলতি বছরের সেরা শব্দ হিসেবে হিউম্যান (মানুষ) শব্দটিকে বেছে নিয়েছে বিশ্বখ্যাত কেমব্রিজ ডিকশনারি। খবর বিডিনিউজের। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দাপটে বদলে যাওয়া বিশ্বে মানুষের নিজেদের অস্তিত্ব আর পরিচয় নিয়ে নতুন করে ভাবনার প্রতিফলন ঘটিয়েই বেছে নেওয়া হয়েছে এই শব্দটিকে। ডিকশনারিতে হিউম্যান শব্দটির সংজ্ঞায় বলা হয়েছে, দেবতা, প্রাণী বা যন্ত্র থেকে আলাদা হয়ে মানবীয় যেসব গুণ, ভুলত্রুটি ও আবেগ–অনুভূতি আছে সেগুলোর অধিকারী হওয়াকেই মানুষ (হিউম্যান) বলে। কেমব্রিজ ডিকশনারির প্রধান সম্পাদক কলিন ম্যাকিনটোশ বলেন, এআই এর প্রসার এতটাই বেড়েছে যে, আগে যেসব কাজ কেবল মানুষই করত, সেগুলো এখন আসলেই মানুষের করা কিনা, তা আলাদা করে উল্লেখ করতে হচ্ছে। বর্তমানে হিউম্যান শব্দটি ব্যবহারের উদাহরণ হিসেবে অভিনেত্রী স্কারলেট জোহানসন ও অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহির কথা উঠে এসেছে।












