চট্টগ্রাম মহানগর ও জেলার ছয় উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহানগরে ছয় প্লাটুন এবং পটিয়া, চন্দনাইশ, সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ছয় প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি পাঁচ সেকশন আনসার ব্যাটালিয়ন সদস্যও মোতায়েন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে, এমন কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা কাজ করবেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী আজাদীকে বলেন, “চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবি সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক আজাদীকে বলেন, জেলার ছয়টি উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলাগুলো হলো পটিয়া, চন্দনাইশ, সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ি। এ ছাড়া পাঁচ সেকশন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিনির্ভর ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।












