চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণাকে দেশের শিল্প, কৃষি ও মেরিন খাতের চাহিদার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে গবেষণা কার্যক্রম চালু এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে সশরীর উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণাকে দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা সরকারের অন্যতম লক্ষ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে গবেষণা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণার ফলাফল বাস্তবে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে চায় সরকার।
বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে সমৃদ্ধ সাবেক শিক্ষার্থীদের নেটওয়ার্ক, অভিজ্ঞ শিক্ষক এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এসব সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে শিক্ষা ও গবেষণার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কার্যকর আলোচনা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আবাসন সংকট নিরসনে ছাত্রাবাস নির্মাণ এবং ক্যাম্পাসের পরিবহন সমস্যা সমাধানের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেল যোগাযোগ ও পরিবহন সুবিধা বাড়াতে নতুন লোকোমোটিভ ও রেলের কোচ বরাদ্দের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষার্থীদের দক্ষতা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রত্যাশার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপাচার্য বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ জোরদারের মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হবে। এতে তাঁরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নিজেদের দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ র্যালির মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
পরে কেন্দ্রীয় খেলার মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বক্তারা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলা, ঐতিহ্য, অর্জন, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।











