চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা-সংক্রান্ত মামলায় স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহীদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে একই এলাকার আলেয়া বেগমের করা জায়গা-সংক্রান্ত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে পরিবারের দাবি, ঘটনার আগের দিন জামিনে মুক্তি পান সাবেরা খাতুন। যদিও জামিনের কপি থানায় জমা দেওয়া হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির আজ সকালে শহীদের বাড়িতে যান। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদ মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার জানান, পরিবারের সদস্যরা শহীদকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের ছোট ভাইয়ের অভিযোগ, শহীদ স্ট্রোকের রোগী ছিলেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও তাঁকে ছাড় দেওয়া হয়নি। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। নিহতের পুত্রবধূ সোনিয়া আক্তারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
তবে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, শহীদের মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










