রাতের আঁধারে চকলেট বোমা বিস্ফোরণ ঘটিয়ে বা মানুষকে হয়রানি করে গণতান্ত্রিক আন্দোলন হয় না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড রাজপথে মোকাবিলা করা হবে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারা দেশে গত কয়েক দিনে হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে মীর হেলাল বলেন, ‘তারা নৃশংস হত্যাকাণ্ড এবং গণবিচ্ছিন্ন স্বৈরাচারী শাসনের কারণেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা রাজনৈতিকভাবে তাদের রাজপথে মোকাবিলা করব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করেছিলাম। একইভাবে আমরা রাজনৈতিক কর্মী, দেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আছি এখনো। সরকারের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘন না করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, বিগত সরকারের আমলে কথা বলার আগেই নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। রাজপথে তাঁরাও সন্তানদের রক্ত ঝরতে দেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার সেই পথে যাবে না।
তবে দেশে যারা অপরাজনীতি করছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
মীর হেলাল আরও বলেন, ‘আমাদের সমমনা যারা ২৪-এর গণঅভ্যুত্থানে এই স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আন্দোলনকে সফল করেছি, তাদের সঙ্গে নিয়েই আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখব। দেশকে সীমান্তের ওপার থেকে অস্থিতিশীল করার যে চক্রান্ত, তাকে প্রতিহত করব।’












