চট্টগ্রাম নগরে এবার চোরের নজর পড়েছে পুলিশের গাড়িতে। নগরের হালিশহর থানার একটি টহল পিকআপ ভ্যান চুরি করে নিয়ে গেছে এক ব্যক্তি। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তাঁদের পিকআপ ভ্যানটি নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়ি চুরির বিষয়টি সামনে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল দলের কয়েকজন সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে তাঁরা জেলা পুলিশ লাইনের সামনে গাড়িটি রেখে খাবার খেতে যান। দুপুর পৌনে তিনটার দিকে ফিরে এসে গাড়িটি আর পাননি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটির কাছে এসে সেটি চালু করে দ্রুত নিয়ে চলে যান। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি চালু করেছিলেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে জানান, হালিশহর থানার টহল দলের সদস্যরা গাড়িটি রেখে খাবার খেতে গিয়েছিলেন। এ সময় এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান। তাঁকে শনাক্ত, গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিস্তারিত জানানো হবে।
দিনদুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। চুরি যাওয়া পিকআপ ভ্যান উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।












