জামালখানে রাস্তা ও ফুটপাত দখল, ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ

৮ মণ সবজি ও ফলমূল জব্দের পর কদম মোবারক এতিমখানায় হস্তান্তর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরের জামালখানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ ধরনের বিভিন্ন সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে জামালখান সিঁড়ির গোড়া থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়। নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআট ঘণ্টা ড্রোন উড়িয়ে সেই আহত হাতির সন্ধান
পরবর্তী নিবন্ধমূলধনের অভাব চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় সমস্যা