খাতুনগঞ্জে ইলিয়াস ব্রাদার্সের কার্যালয়ে হামলা, ভাঙচুর

নিষিদ্ধ ছাত্রলীগের দুজন আটক

আজাদী প্রতিবদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরের খাতুনগঞ্জে এক সময়ের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দরজা ও কাচ ভেঙে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

ইলিয়াস ব্রাদার্স বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান। তার দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার জন্য দায়ী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে ইলিয়াস ব্রাদার্সের কার্যালয়ের দরজার আয়না ভাঙচুর করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ধাওয়া করে দুজনকে আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাহী সদস্য তানজীরুল হক। অন্যজন অনীক দত্ত। তিনিও ছাত্রলীগের কর্মী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনের কক্ষের বেশ কয়েকটি কাচ ভাঙা। মেঝেতে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে কাচের টুকরা। খবর পেয়ে সেখানে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় খাতুনগঞ্জে স্বাভাবিক কর্মব্যস্ততা চলছিল। সড়কে পণ্যবাহী ট্রাকের চলাচল এবং মালামাল ওঠানো–নামানোর কাজ চলছিল। এর মধ্যে ১০ থেকে ১৫ জনকে ব্যবসাপ্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে দেখা যায়। এরপর প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার পরপর ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা খুবই দুঃখজনক। স্বাধীনতার পর খাতুনগঞ্জে এ ধরনের ঘটনা ঘটেনি। এমন ঘটনা এই প্রথম। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক। তা না হলে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সময় থাকতে তাদের কঠোর হাতে দমন করতে হবে। আজ আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, কাল অন্যদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হতে পারে।

খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের প্রতিবাদ : ইলিয়াছ ব্রাদার্সের অফিস ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন। গতকাল সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এমইবি গ্রুপের অফিস ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি অনভিপ্রেত ও সর্বমহলে নিন্দনীয়। এ ঘটনার কারণে ব্যবসায়ী মহলে আতঙ্কের সৃষ্টির পাশাপাশি লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ে। এসোসিয়েশন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এসোসিয়েশন এবং ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ ঘরে ছুরি হাতে বাবা, পাশের কক্ষে আটকা শিশুকন্যা
পরবর্তী নিবন্ধএক ছেলের জানাজার প্রস্তুতির সময় খবর এলো অপরজনও নেই