চসিক ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকলেও নগরবাসীর প্রাপ্য নাগরিক সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতিতে ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা অব্যাহত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা যাতে কাউন্সিলরদের মতোই নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারেন, সেজন্য ওয়ার্ড সচিবদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শুধু কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ নয়, নিজ নিজ ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে ওয়ার্ড সচিবদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। প্রশিক্ষণে ওয়ার্ড সচিবদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী, মেয়রের একান্ত সচিব আজিজ আহমদ।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সনদ, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে মানুষের ভোগান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে জন্ম ও মৃত্যুনিবন্ধনের মতো নিয়মিত সেবা পেতে নাগরিকদের হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি চাই না, কোনো ওয়ার্ড সচিবের বিরুদ্ধে নাগরিক হয়রানি বা দায়িত্বে অবহেলার অভিযোগ আমার কাছে আসুক। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জনগণের সেবক। সেবা দিতে গিয়ে মানুষকে হয়রানি নয়, সহযোগিতা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










