হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দশটার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার শেখ ওসমানের বাড়ির মো. আবু বক্কর সওদাগরের পুত্র। তিনি চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকার আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার হেদায়া আওয়ালাইন জামাতের শিক্ষার্থী ছিলেন।
সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হাফেজ ফাহিম নিজ বাড়ির পাশের বিলে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাম্পের সাহায্যে পানি সেচ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বেলা আনুমানিক ১১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনার খবর আমাদের হাতে এখনো পর্যন্ত আসেনি।








