কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিজের জমিতে কাজ করার সময় হঠাৎ দলছুট হাতি আক্রমণ চালায় তার ওপর। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম ছৈয়দ আলম ফকির (৬০)। তিনি উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারির ঢেবা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, নিহত ছৈয়দ আলম ফকিরের পুরোনো বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শওকত হোসেন জানান, বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।








