সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যালো গাইস’, ‘সম্মানিত গাইস’ সম্বোধন করে বক্তব্য শুরু করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল উদ্দিন। নিজেকে নন–পলাতক আওয়ামী লীগার দাবি করে পলাতকদের সমালোচনা করে নানা মন্তব্য করেন। সম্প্রতি নিজেকে নিজে নন–পলাতক আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছেন ‘ভাইরাল’। গত শুক্রবার রাতে সেই আইনজীবী কামাল উদ্দিনকে আটক করেছে নগরীর কর্ণফুলী থানা পুলিশের একটি টিম। পরে গতকাল নন–এফআইআর প্রসিকিউশনমূলে আদালতে পাঠানো হলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত জামিন মঞ্জুর করে তাকে মুক্তি দেন। এর আগে তার পক্ষে জামিন চেয়ে একটি আবেদন করা হয়।
আইনজীবী কামাল উদ্দিন একসময় দক্ষিণ জেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা ছিলেন। ২০২২ সালে সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল তার। তবে দলের মনোনয়ন পাননি। তার দাবি, মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিসহ দলের নেতাদের নগদ ও চেকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন, তবুও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। টাকা ফেরত চেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও করেছিলেন। শুরু হয় তাকে নিয়ে আলোচনা। সংগঠন থেকে হন বহিষ্কার। সেই থেকে আইনজীবী সমাজ থেকে শুরু করে চট্টগ্রামের আওয়ামী রাজনীতি ও এর আশেপাশের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট লোকজনের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময় তিনি নানা বিষয় নিয়ে হাজির হন।
২০২৪ সালের ৫ আগস্টের পর পলাতকদের ব্যাপকভাবে সমালোচনা শুরু করেন তিনি। ৮ অক্টোবর নিজেকে ‘বাংলাদেশ নন–পলাতক আওয়ামী লীগের’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করে আরও বেশি আলোচনায় আসেন। আইনজীবী কামাল উদ্দিনের ভাষ্য, দলের দুঃসময়ে নেতাদের আত্মগোপনে না থেকে মাঠে থাকা উচিত। এ অবস্থান থেকেই ‘বাংলাদেশ নন–পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় ফেইসবুকে একটি পোস্ট দিয়ে নিজেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান। আগ্রহীদের কাছ থেকে আহ্বান করেন জীবনবৃত্তান্ত। সারা দেশের অনেককে তিনি ইতোমধ্যে পদ–পদবিও দিয়েছেন।
ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ নন–পলাতক আওয়ামী লীগের’ ব্যাপারে প্রচার–প্রচারণাও চালিয়ে আসছেন। তার এসব কার্যক্রমে অনেকে পক্ষে, আবার অনেকে বিপক্ষে নানা মন্তব্য করছেন। আওয়ামীপন্থীদের একটি অংশ তাকে পছন্দ করছেন, অপর একটি অংশের লোকজন ধিক্কার জানাচ্ছেন। বিএনপিপন্থীসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনেও তাকে নিয়ে মতভিন্নতা দেখা যায়।
আইনজীবী কামাল উদ্দিনের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকায়। তিনি দক্ষিণ জেলা যুবলীগের সহ–আইনবিষয়ক সম্পাদক ছিলেন। প্রায় চার বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গত কয়েক মাস ধরে তিনি নগরীর কর্ণফুলী থানাধীন সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় থাকছিলেন। সেখান থেকে শুক্রবার রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। কিছু লোক তার বাসা ঘেরাও করে রেখেছে–এমন খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
জামিনে মুক্তি পাওয়ার পর গতকাল সন্ধ্যায় তিনি সাংবাদিকদের জানান, পুলিশ তাকে আটক করেনি; বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের মব থেকে তাকে উদ্ধার করেছে। এ সময় বর্তমান প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন ও আদালতের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে তিনি দোয়াও করেন। কামাল উদ্দিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর পুলিশ হেফাজতে নিয়ে আসে। কিন্তু তার কোনো আত্মীয়স্বজন থানায় আসেননি। এজন্য কারও জিম্মায় যে তাকে ছেড়ে দেওয়া হবে সে সুযোগও ছিল না। এছাড়া তার বিষয়টি সারা দেশে আলোচিত হয়েছে। তাই তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে তিনি জামিন পেয়েছেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, আইনজীবী কামাল উদ্দিনকে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারার বিধান অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।










