রাউজানে রিমা দে নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিমা ফটিকছড়ি উপজেলার ২ নং কাঞ্চন নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের টেক বাড়িয়া চা বাগান সংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে–র মেয়ে।
জানা যায়, গত ৪ মাস ৪দিন আগে রিমা দে এর সঙ্গে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্য়ের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে (২৬) এর বিয়ে হয়েছিল। প্রভা রাণী দে বলেন, শনিবার বিকাল ৩টায় সিঁড়ি থেকে পড়ে আমার মেয়ে আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে আমাকে ফোন করা হয়েছিল। আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চৌধুরী হাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ঘুরে তাদের পায়নি। পরে রাউজানে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে লাশ পায়। লাশ পাওয়ার পর মেয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের জানানো হয়। মেয়ের নাকের পাশে এবং পায়ে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়ে তিনি তার মেয়েকে হত্য করা হয়েছে বলে দাবি করেন। ঘটনার পর রিমার স্বামী পালিয়ে গেছে বলেও তিনি জানান।
স্থানীয় রাজনীতিক ও সমাজ সেবক শাহাদাত মির্জা বলেন, এলাকায় হইচই হচ্ছে সংবাদ পেয়ে আমি সেখানে যায়। দেখতে পায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। যারা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছিলেন তারা লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে বলে আমাকে জানিয়েছেন। ঘরের আসবাবপত্রও ভাঙচুর অবস্থায় দেখতে পান বলে তিনি জানিয়েছেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। এ ঘটনায় মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি।










