প্রতিবেশীর বিয়ে থেকে ফেরার পথে গাড়ির ধাক্কা, কিশোরের মৃত্যু

হাটহাজারীতে পৃথক দুর্ঘটনায় টেম্পোচালক নিহত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) ও মো. সুমন (৩৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে এবং গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার কলঘর নামক স্থানে চট্টগ্রাম–নাজিরহাট সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাসিন্দা নির্মাণ শ্রমিক সহকারী আবির হোসেন প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে খাবার খেয়ে ঘরে ফেরার জন্য সড়কে গেলে নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত হয় আবির। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে নাজিরহাটমুখী একটি সিএনজিচালিত টেম্পো হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে চালক সুমন চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকার নুর ইসলামের পুত্র।

নাজিরহাট হাইওয়ে পুলিশের এস আই মুস্তাফিজুর রহমান গতরাতে জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা ওই টেম্পো সড়কে পেয়েছি। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
পরবর্তী নিবন্ধশ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন : বিজিএমইএ