২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন তা শেষ পর্যন্ত স্বপ্নই থেকে গেল। গ্যালারিতে উপস্থিত দর্শকরা নিস্তব্ধ। সেমিফাইনালে দারুণ লড়াই করেও পাকিস্তানের কাছে ১–০ গোলে হেরে গেল বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ সমানে সমান চলছিল। আক্রমণ, বল পজেশন সবই ছিল সমানতালে। ৮৬ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ভুল করে বসলেন। গোল কিক করার পরিবর্তে হাত দিয়ে বল বাড়ান। সেই বল বঙের সামনে পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড। তিনি আব্দুল সামাদ শেহজাদের কাছে বাড়ান। শেজাদ দারুণ দক্ষতায় বঙে প্রবেশ করে বাংলাদেশের ডিফেন্ডারকে পরাস্ত করে শট নেন। শ্রাবণ ঝাপিয়েও বল সেভ করতে পারেননি। পাকিস্তান উল্লাসে মাতে, অন্যদিকে বাংলাদেশ গ্যালারি ঝিমিয়ে যায়। তখনও নির্ধারিত সময়ের চার মিনিট বাকি ছিল। ইনজুরি সময় দেখান চতুর্থ রেফারি চার মিনিট। বাংলাদেশ যখন গোলের চেষ্টা করেছিল, তখনই দর্শকরা স্মোক ফ্লেয়ার ছুড়ে খেলার গতি থামিয়ে দেয়। পাকিস্তান পোস্টে ধোয়া উড়ে। এতে খেলা কয়েক মিনিট স্থগিত থাকে। এরপর আবার খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারান। খানিকটা ধাক্কাধাক্কিও হয়। কিন্তু গোল আর শোধ করা হয়নি। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তেমন ভালো ফুটবল খেলতে পারেনি। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরী কয়েকবার মেজাজ হারিয়েছেন। ফাউলও করেছেন একাধিকবার। হামজা ৭৬ মিনিটে বঙের সামনে ফাউল করেন। পাকিস্তানের সেই ফ্রি কিকে দারুণ সেভ করেন শ্রাবণ। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের কয়েকটি আক্রমণ সেভ করলেও শেষ পর্যন্ত একটি ভুলেই খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ ডুলি দুই জন খেলোয়াড় বদল করেন। রহমতের পরিবর্তে বিশ্বনাথকে নামান। সুকির পরিবর্তে নামা ইব্রাহিমও তেমন সুবিধা করতে পারেননি।
অন্যদিকে সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচজন ফুটবলারই ম্যাচের চিত্র বদলে দিয়েছেন। পাকিস্তান সুন্দর রক্ষণ ও দারুণ পরিকল্পিত ফুটবল খেলেছে। এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুল পাস থেকে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেতে পারত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া একটি কর্নার থেকে শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানি ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুর্ভাগ্যের শিকার। তারিক কাজী মার্কিং ঠিক মতো করতে পারেননি। পাকিস্তানি ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট উপর দিয়ে যায়।












